গত বছর অগস্ট মাসে আর জি কর কাণ্ডের পর সরব হয়েছিল গোটা রাজ্য। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছিলেন সকলেই। অভয়া কাণ্ডের পর অভিনেত্রী সোহিনী সরকারও দৃঢ় কন্ঠে প্রতিবাদ জানিয়েছিলেন গোটা বিষয়টি নিয়ে।
অভয়া কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে সদ্য বিবাহিতা সোহিনী সরকার বলেছিলেন, বাংলায় সন্তানের মা হতে তাঁর ভয় লাগে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তাঁকে ভাবায়, আদৌ ভবিষ্যতে তিনি মা হবেন কিনা, সেটাও ভেবে দেখবেন তিনি।
গত বছর সোহিনীর এই বক্তৃতায় কিছু মানুষ যেমন অভিনেত্রীর সাহসিকতার প্রশংসা জানিয়েছিলেন তেমন কিছু মানুষ আবার সমালোচনাও করেছিলেন অভিনেত্রীর। সেই ঘটনার বছর কাটতে না কাটতেই এবার আবার সোহিনীকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ।এই মুহূর্তে সোহিনী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত আছেন। সেই প্রচারের একটি ছবি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এক হাত নেন অভিনেত্রীকে।

কুণাল ঘোষ লেখেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়। সিনেমা যখন জন্ম নিল, তখন বাকিটাতে নিশ্চয়ই আর সমস্যা থাকবে না। শুভেচ্ছা রঘু ডাকাত।’
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ‘রঘু ডাকাত’ ছবির অন্যতম কান্ডারী দেব কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম সদস্য। খুব স্বাভাবিকভাবেই এই সব ঘিরেই তৈরি হচ্ছে বিতর্ক। যদিও এই বিষয় নিয়ে সোহিনী এখনও কোনও মন্তব্য করেননি।